বারাসতঃ বারাসত-কাণ্ডে পুলিশের দায়ের করা সুয়োমোটো মামলায় গ্রেপ্তার ভিনরাজ্যের তিন গাড়িচালক। সোমবার রাতে বিজেপি নেতা তুহিন মণ্ডলের বাড়ি থেকে পুলিশ ওই তিন জনকে আটক করেছিল। পরে তাঁদের গ্রেপ্তার করা হয়। বাজেয়াপ্ত করা হয়েছে পাঁচটি গাড়ি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সম্পাদক তুহিন মণ্ডলের বাড়িতে বৈঠক হচ্ছিল। সেখানে দলের কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেননও ছিলেন। বহিরাগতরা সেখানে অস্ত্র ও টাকা বিলির বৈঠক করছে এই অভিযোগ তুলে তৃণমূল কর্মীরা সেখানে হামলা চালায়। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। তুহিন মণ্ডলের বাড়ি থেকে পুলিশ পাঁচটি গাড়ি বাজেয়াপ্ত করে। আটক করা হয় তিন জনকে। বাজেয়াপ্ত করা গাড়িগুলোর মধ্যে একটি গাড়িতে সরকারি 'তিন তারা' লাগানো ছিল। অনৈতিকভাবে তিন তারা ব্যবহার করার অভিযোগে পুলিশ পাঁচটি গাড়িই বাজেয়াপ্ত করে। গ্রেপ্তার করা হয় তিন জন চালককে। ধৃতদের নাম রাজু সিং (35), প্রণবেশ রায় (28) ও ইন্দ্রদেব যাদব (60)। ধৃত রাজু ও প্রণবেশ বিহারের গয়ার বাসিন্দা। ইন্দ্রদেব ঝাড়খণ্ড থাকেন। তিন তারা ব্যবহার করা গাড়ি নিয়ে কনভয় করার জন্য তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
from বাংলা খবর http://bit.ly/2VK1FzG

No comments