‘উইকিপিডিয়া’র আদলে তৈরি নতুন একটি প্রকল্প গান্ধীপিডিয়া নিয়ে আসতে চলেছে কেন্দ্রীয় সরকার। যেখানে দেশের নাগরিকদের সামনে মহাত্মা গান্ধীর আদর্শগুলিকে তুলে ধরা হবে৷ উইকিপিডিয়ায় ‘সার্চ’ করে যেভাবে সারা পৃথিবীর যে কোনও প্রান্ত থেকে যে কোনও প্রাসঙ্গিক বিষয়ে তথ্য সংগ্রহ করা যায়, ঠিক সেই ভাবে এবার গান্ধীপিডিয়াতে সার্চ করে মহাত্মা গান্ধীর জীবনালেখ্য, তাঁর বাণী ও আদর্শ সম্বলিত যাবতীয় তথ্য সংগ্রহ করা যাবে৷
চলতি বছরের ২ অক্টোবর মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মজয়ন্তীতে এই প্রকল্প উদ্বোধন করে দেশবাসীকে উপহার দেওয়া হবে, জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ ‘দেশের তরুণ ও যুব প্রজন্মকে মহাত্মা গান্ধীর আদর্শে উদ্বুদ্ধ করার জন্যই এই গান্ধীপিডিয়ার ভাবনা’ নিজের বাজেট বক্তৃতায় বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷
কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে এই বিশাল ব্যাপ্তির এই ওয়েব পোর্টালটি করা হবে অত্যাধুনিক প্রযুক্তিতে, যেখানে ইন্টারঅ্যাক্টিভ ওয়েবসাইটের মাধ্যমে বিশ্বের যে কোনও প্রান্ত থেকে মহাত্মা গান্ধীর বিষয়ে জানতে আগ্রহী ব্যক্তিরা পার্সোনালাইজড ইনফর্মেশন বা ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারবেন৷
তাঁদের একটি পার্সোনাল ইউজার আইডি দেওয়া হবে, যার মাধ্যমে তাঁরা এই ওয়েবপোর্টালে গিয়ে গান্ধীজির লেখা বই, তাঁর সম্পর্কিত জানা ও অজানা তথ্য ভাণ্ডার, তাঁর বিভিন্ন বক্তৃতার ভিডিয়ো এমনকি তাঁর বাণীর প্রতিলিপিও সংগ্রহ করতে পারবেন ওই বিষয়ে আগ্রহী ব্যক্তি৷
ভি/ডি
No comments