সপ্তাহ পেরোতে না পেরোতেই এবার খোদ ইডির বিরুদ্ধেই অভিযোগ ঠুকল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। গোয়েন্দা সংস্থার মুম্বইয়ের কার্যালয়ে মারাঠি সাইনবোর্ড না থাকায় কেন্দ্রীয় এই গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে অভিযোগ ঠুকেছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা বলে জানা গিয়েছে। ঋণ সম্পর্কিত একটি মামলায় চলতি সপ্তাহের শুরুতেই মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরেকে তলব করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোরসমেনট ডিরেক্টর। গত শুক্রবারই মুম্বইয়ের দাদার এলাকার কার্যালয়ে মারাঠি সাইনবোর্ড না থাকার কারণে এনফোরসমেনট ডিরেক্টরের বিরুদ্ধে এই অভিযোগ আনে এমএনএস।
অভিযোগ এবার খোদ ইডির বিরুদ্ধে। জেলা শাসকের কাছে এই অভিযোগ দায়ের করেছে তাঁরা। অভিযোগপত্রে লেখা রয়েছে, তদন্তকারী সংস্থার মুম্বই কার্যালয়ে মারাঠি সাইনবোর্ড থাকা উচিৎ। জেলাশাসককে দেওয়া চিঠিতে এমএনএস এমন একটি আইনও উদ্ধৃত করেছে, যা যুক্তি দেয় মহারাষ্ট্রে বাধ্যতামূলক মারাঠি সাইনবোর্ড। কিন্তু আপাতদৃষ্টিতে এটি অভিযোগের প্রামান্যতা পেলেও মহারাষ্ট্র নবনির্মাণ সেনার এই কম্মটিকে ইডির বিরুদ্ধে ঝাল মেটানোর উদ্যোগ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
অর্থ তছরুপের মামলায় নাম জড়িয়েছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরের। কোহিনূর সিটিএনএল নামের একটি সংস্থাকে ইনফ্রাস্ট্রাকচার লিজিং এবং ফিনান্সিয়াল সার্ভিসেস (আইএলএন্ডএফএস) সম্পর্কিত ঋণখেলাপি মামলায় তাঁকে তলব করে ইডি। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর যোশির পুত্র উমেশ যোশি এই সংস্থাটির প্রচারের দায়িত্বে ছিলেন। তাঁকে টানা ৮ ঘণ্টা জেরাও করে ইডি।
No comments