পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে গুলিবিদ্ধ দুই বিজেপি কর্মী। তৃণমূল কর্মীরা তাদের গুলি করে বলে অভিযোগ বিজেপির। গুলিবিদ্ধ দুই যুবকের হাতে ও বুকে গুলি লেগেছে বলে পরিবার সূত্রে জানা গেছে। গুরুতর আহত দুই বিজেপি কর্মীরা হলেন অনন্ত গুছাইত(৫০) ও রনজিৎ মাইতি(২৮)। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ভগবানপুর থানার পশ্চিমবাড় এলাকায়। গুলিবিদ্ধ দুই বিজেপি কর্মীকে প্রথমে চন্ডিপুর ব্লক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাদের তমলুক হাসপাতালে আনা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কলকাতায় পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে রাতে এলাকা ভীত সন্ত্রস্ত করার জন্য সবং এলাকা থেকে তৃণমূলের একটি দল পশ্চিমবাড় এলাকায় বোমাবাজি শুরু করে। সে সময়ই বিজেপি কর্মীরা বাড়ি থেকে বেরিয়ে দলবদ্ধভাবে রুখে দাঁড়ায় এবং তৃণমূল কর্মীদের ধাওয়া করে। অভিযোগ সে সময়ই তৃণমূল কর্মীরা গুলি ছুঁড়তে ছুঁড়তে এলাকা থেকে পালিয়ে যায়। আর সেই গুলিতে আহত হয় দুই বিজেপি কর্মী। ভগবানপুর ১নং ব্লকের মন্ডল সভাপতি দেবব্রত কর বলেন, ভগবানপুর থানার সিভিক ভলেন্টিয়ার রাজীব হাজরার নেতৃত্বে স্থানীয় তৃণমূল নেতা যদু ওঝা, কল্লোল দাস, রাজু কর সহ বেশ কিছু তৃণমূলের আশ্রিত গুন্ডা এলাকাকে ভীত সন্ত্রস্ত করার জন্য বোমাবাজি শুরু করে। আমাদের কর্মীরা তার প্রতিবাদ করায় ওরা গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায়। এই গুলিতে আহত হয়েছে আমাদের দুই কর্মী। পুলিশের মদতেই এই ঘটনা ঘটেছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই।
অপরদিকে, তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে এলাকার তৃণমূল নেতা তথা বিধায়ক শ্রী অর্ধেন্দু মাইতি বলেন, এটা গোষ্ঠীদন্দের ফল। তৃণমূলের কোন কর্মী এই ঘটনার সাথে যুক্ত নয়। দল এধরনের কাজকে কখনোই প্রশ্রয় দেয় না। পুলিশকে নিরপেক্ষ তদন্তের আবেদন জানানো হয়েছে।
from বাংলা খবর http://bit.ly/2LMi2qS


No comments