বিয়ে অনেকটা তিন পায়ে দৌড়ের সমগোত্রীয়। বাঁধা পা দু’টো একসঙ্গে ফেলতে হয়। একসঙ্গে দৌড়তে পারলে কোন ঝামেলা নেই কিন্তু যে যার মতো দৌড়তে গেলে হুমড়ি খাবে দু’জনেই। সুতরাং নিয়ম মেনে পা ফেলে ছোটা ও বোঝার সময় বিয়ের আগেই।
বিয়ের মৌসুমের কোনো দিনক্ষণ নেই। কবে কার সানাই বাজবে, স্বয়ং বিধাতা ছাড়া আর কে জানেন? নিজেদের বোঝাপড়া অথবা মা বাবার পছন্দে শুভকাজটা সেরে নিবেন অনেকেই।
কি আনন্দের, কি মধুর আমেজ ঘিরে থাকে বিয়ে নিয়ে! বিয়ে সবসময়ই সুখের। তবে পরের সময়টুকুতে একসঙ্গে থাকাপরা নিয়ে ঝুট ঝামেলা হতে পারে। সুতরাং জীবনের এই অন্যতম গুরুত্বপূর্ণ অংশে নতুন সঙ্গীর সঙ্গে কতটা মানিয়ে নিতে পারবেন; কতটা শেয়ারিং-কেয়ারিং করতে পারবেন। তার হিসেবনিকেশ সানাই বাজার আগেই সেরে নিন। মনে রাখবেন, সম্পর্কটি আজীবনের।
বানরের গলায় মুক্তোর হার আর ভুল মানুষকে বিয়ে করা— এর মধ্যে কোনো তফাত নেই। হয়ত বিয়ের আগে তার সঙ্গে আপনার গভীর প্রণয়। কিন্তু সেই প্রেমই যে সফল দাম্পত্যে রূপ নেবে, এমন চিন্তা না করাই শ্রেয়।
আবার প্রেম করে বিয়ে না বিয়ে করে প্রেম— এর উত্তর জানার সাধ কার না জাগে। তবে লাভ নেই জেনে, দুটোই হয়ত সমান। নিশ্চয়ই বুঝতে পারছেন, পূর্ব পরিচয় না থাকলেও ঘাবড়ানোর কিচ্ছুটি নেই। তবে বিয়ের অন্তত ছয় মাস আগে থেকেই একে অপরকে জানতে থাকুন। একে অপরের চরিত্র, মূল্যবোধ, ভালমন্দ ইত্যাদি বিষয় অবশ্যই জেনে নিবেন।
জানেন তো, এককথায় বাঙালির বিয়ে হয় না। সবদিক দেখে-শুনে-বুঝে এখানে বিয়ের মন্ত্র নেয়া হয়।
হবু সঙ্গীকে নিয়ে বেড়াতে যেতে পারেন। খেয়াল রাখুন রেস্টুরেন্ট বা ক্যাফেতে বেয়ারাদের সঙ্গে কেমন আচরন করেন।
তার বন্ধু বান্ধবের সংখ্যা কিংবা বন্ধু বান্ধবহীন কিনা-জেনে নিন।
কতটা হাসিখুশি কিংবা থাকতে পছন্দ করে, তাও জানতে হবে।
মানুষটির ব্যবস্থাপনা গুন কেমন; তার টাকা পয়সার ব্যবস্থাপনা বা ভবিষ্যত পরিকল্পনা কতটা গোছালো জেনে রাখলে ক্ষতি তো নেই।
তিনি কি কর্তৃত্ব নিজের আয়ত্বেই রাখতে চান, নাকি অন্যের সঙ্গে ভাগাভাগি করতে পারেন?
আশা করা যায়, ছয় মাসের মধ্যে একে অপরকে জানতে পারবেন। এই সময়টুকুতে স্বস্তি ও প্রশান্তি অনুভব করতে পারছেন তো একে অপরকে নিয়ে? এটাই সবথেকে গুরুত্বপূর্ণ।
আর প্রেমিক-প্রেমিকারা নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন যে, আপনাকে লোকজনের মাঝে একা ছেড়ে যান কিনা কিংবা শুধুই নিজের চাহিদার কথা ভাবেন কিনা।
from Daily Bangla http://bit.ly/2JWF2AH

No comments