বলিউডে নতুন প্রজন্মের যে ক’জন তারকা আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পেয়েছেন বরুণ ধাওয়ান তাদের অন্যতম একজন। ছবিতে তার উপস্থিতি মানেই তরুণ দর্শকের বাড়তি উচ্ছ্বাস। তবে নারী ভক্তদের জন্য বিষাদের খবর নিয়ে হাজির হলেন তিনি।
এসেছে তার বিয়ের ঘোষণা। প্রেমিকা নাতাশা দালালের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। এমন খবরই প্রকাশ করেছে ভারতীয় বেশ কিছু গণমাধ্যম।
জানা গেছে, বেশ কয়েক বছর ধরে নাতাশা দালালের সঙ্গে ডেট করছেন বলিউড অভিনেতা বরুণ। তারা দু’জনেই ছোটবেলার বন্ধু। কিন্তু বিয়ে কবে, তা নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাননি কখনো।
তবে ছেলের বিয়ের খবরটা দিয়েই দিলেন বরুণের বাবা চলচ্চিত্র পরিচালক ডেভিড ধাওয়ান। আগামী বছর ডিসেম্বরে বরুণ বিয়ে করবেন বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি সাংবাদিকদের ডেভিড বলেন, ‘বরুণ আর নাতাশার রিলেশনে আমি খুব খুশি। ওরা পরের বছরই ডিসেম্বরে বিয়ে করবে হয়তো। সব কাজেই দু’জনে একে অপরকে সমর্থন করে। তাদের সুন্দর বোঝাপড়া সংসার জীবনে ইতিবাচক ভূমিকা রাখবে বলেই বিশ্বাস আমার।’
এই ঘোষণার পর থেকেই বরুণ ভক্তরা নাতাশাকে নিয়ে আগ্রহী হয়ে উঠেছেন। কে এই নাতাশা? জানা গেছে, বরুণের চেয়ে বসয়ে দু’বছরের ছোট তিনি। ১৯৮৯ সালে মুম্বাইতেই জন্ম। পড়াশোনা করেছেন নিউ ইয়র্ক থেকে ফ্যাশন টেকনোলজির উপর। বর্তমানে একজন পেশাদার ফ্যাশন ডিজাইনার তিনি।
প্রসঙ্গত, ছ’বছর আগে করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবিতে অভিনয় করে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন বরুণ ধাওয়ান। এরপর তাকে আর ফিরে তাকাতে হয়নি। ‘অক্টোবর’, ‘সুই ধাগা’র মতো অন্য ধারার ছবিতেও নিজেকে প্রমাণ করেছেন।
from Daily Bangla http://bit.ly/2YpoS6K

No comments