
বহরমপুর লোকসভা কেন্দ্রে নির্বাচনের প্রাক্কালে দলীয় প্রার্থীর সমর্থনে ভোট চাইতে এবার সশরীরে পথে নামলেন মুর্শিদাবাদ জেলা তৃনমূলের পর্যবেক্ষক তথা পরিবেশ ও পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। কংগ্রেস গড় মুর্শিদাবাদের ৩টি আসনই শাসক দলের লক্ষ্য হলেও অধীর দুর্গ বহরমপুরই যে প্রধান লক্ষ্য তা আর বলার অপেক্ষা রাখে না। এই কেন্দ্রে ২০ বছরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর প্রতিদ্বন্দ্বিতা করতে অপূর্ব সরকারকে মনোনীত করেছে তৃনমূল কংগ্রেস। সোমবার বহরমপুর টাউন তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী অপূর্ব সরকারের সমর্থনে একটি পদযাত্রার আয়োজন করা হয়। জোড়া ফুলের প্রতিক চিহ্ন আঁকা শাড়ি পড়ে প্রার্থী ও মন্ত্রী শুভেন্দু অধিকারীকে শঙ্খ বাজিয়ে বরণ করে নেয় মহিলারা। এই পদযাত্রায় অংশগ্রহণ করেন- পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী, বহরমপুর টাউন তৃনমূল কংগ্রেসের সভাপতি নাড়ুগোপাল মুখার্জী সহ দলীয় নেতৃত্ব। গোরাবাজার থেকে শুরু হয়ে গোটা শহরপথ পরিক্রমা করে এই পদযাত্রা। কখনো দলীয় কর্মীদের সাথে পায়ে হেঁটে তো কখনো হুডখোলা জিপে মাইক হাতে জনসাধারণের কাছে ভোট প্রার্থনা করতে দেখা গেল মন্ত্রী শুভেন্দু অধিকারীকে।
No comments