একসঙ্গে ২৬ জনের একটি করে কিডনী গায়েব হয়ে গেছে! চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে ভারতের উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। রায়গঞ্জের সাতটি ভিন্ন গ্রামের ওই বাসিন্দারা একটি কিডনীর ভরসাতেই বেঁচে আছেন।
এ ঘটনা প্রকাশ্যে আসতেই হুঁশ ফিরেছে প্রশাসনের। তবে কি এর মধ্যে রয়েছে কিডনী পাচারচক্রের হাত। তদন্ত শুরু করেছে প্রশাসন। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাসিন্দারা ভিনরাজ্যে কাজে গিয়েছিলেন। তারা বাড়ি ফিরে আসার পরই অসুস্থ হয়ে পড়েন। তখনই ক্রমশ প্রকাশ্যে আসে, তাদের শরীরে একটি করে কিডনী নেই।
পরিবারের লোকেরা জিজ্ঞাসা করায় প্রথমে কিছু বলতে চাননি তারা। পরে জানা যায় আসল সত্য। বাইরে কাজের সন্ধ্যানে গিয়ে তারা কিডনী পাচার চক্রের হাতে পড়ে যায়। তাদের ভুল বুঝিয়ে স্বল্প টাকার বিনিময়ে কিডনী পাচার করে দেয়া হয়।
উত্তর দিনাজপুর জেলাশাসকের কাছে আবেদন করা হয়েছে, কিডনী পাচার চক্রের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে। রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির তরফেও বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে।
রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মানস ঘোষ বলেন, আমরা গ্রামে গ্রামে গিয়ে কিডনী হারানো মানুষদের পাশে দাঁড়াচ্ছি। তাদের দিয়ে অভিযোগ করানো হচ্ছে। তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এলাকাতে যাতে তাদের কাজের বন্দোবস্ত করা যায় উদ্যোগ নিচ্ছে পঞ্চায়েত সমিতি।

No comments