পাকিস্তানের গায়ক হলেও এদেশে তাঁর জনপ্রিয়তা কোনও অংশে কম নয়। বহু বছর ধরে বলিউডে গান গেয়ে চলেছেন তিনি। এমনকি গানের অনুষ্ঠানও কম করেন না তিনি। কথা হচ্ছে পাক গায়ক রাহত ফতে আলি খানের। আর সেই গানের পারিশ্রমিকই বিদেশে পাচারের অভিযোগ আনল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাঁরা কারণ দর্শানোর নোটিসও দিয়েছেন ওই গায়ককে।
ঘটনার সূত্রপাত ২০১১ সালে। সে সময় দিল্লী বিমান বন্দরে রাহত ফতে আলি খান ও তাঁর ম্যানেজার মারুফকে আটক করে ডিরেক্টর অফ রেভেনিউ ইন্টেলিজেন্স। তাঁর কাছ থেকে ১.২৪ লক্ষ ডলার উদ্ধার হয়। যার কোনও হিসেব তাঁরা দিতে পারেননি। তবে তাঁর কোনও দোষ নেই বলে দাবি করেছিলেন এবং জামিনে ছাড়াও পেয়েছিলেন।
এরপর ২০১৪ সালে ফেমা আইনে ওই পাক গায়কের বিরুদ্ধে তদন্ত শুরু করে ইডি। তদন্তে জানা যায় অবৈধ ভাবে আনা ২.৪২ কোটি টাকা রয়েছে তাঁর কাছে। অর্থাৎ তিনি ২ লক্ষ ২৫ হাজার ডলার বিদেশে পাচার করেছিলেন।
এই গোটা বিষয়ে ওই গায়ককে আগামী ৪৫ দিনের মধ্যে জবাব তলব করেছে ইডি। যদি তাঁর উত্তর সন্তোষজনক না হয় তাহলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ইডি সূত্রে খবর, যদি তিনি দোষী প্রমাণিত হন তাহলে তাঁর ৩০০ শতাংশ জরিমানা হবে। আর সেই জরিমানা না দিলে তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশও জারি করা হতে পারে। অর্থাৎ ভারতে কোনও অনুষ্ঠান করতে পারবেন না তিনি।

No comments