লকডাউনের মধ্যে, দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সঙ্গীতশিল্পী রতন কাহারের কাছে টাকা পৌঁছে দিলেন সংগীতশিল্পী বাদশা। সূত্র অনুযায়ী, সোমবার রতন কাহারের অ্যাকাউন্টে পাঁচ লক্ষ টাকা পাঠায় বাদশার টিম। টাকা পেয়ে ভীষণ খুশি প্রবীণ সঙ্গীতশিল্পীও। তিনি ধন্যবাদ জানাতে র্যাপারকে ফোন করে। লকডাউন কেটে গেলে, পরবর্তীকালে বাদশাকে নিজের সিউড়ির বাড়িতে আসার আমন্ত্রণও জানিয়েছেন রতন কাহার।
কয়েক দিন আগে রতন কাহারের ‘গেন্দা ফুল’ গানটি ‘চুরি’র অভিযোগে সোশ্যাল মিডিয়ায় চরম ট্রোলের এবং হেনস্তার শিকার হতে হয়েছিল বাদশাকে। বাদশার ‘গেন্দা ফুল’-এ ব্যবহৃত গানের লাইন নিয়ে আপত্তি জানিয়েছিলেন নেটাগরিকদের অধিকাংশ।এর পরেই ইনস্টাগ্রামের একটি লাইভ ভিডিয়োর মাধ্যমে রতন কাহারের উদ্দেশে বাদশা বলেন, ‘‘আমি ওই গান রচয়িতার নাম খোঁজার চেষ্টা করেছি অনেক। কিন্তু খুঁজে পাইনি। ২৬ মার্চ আমি জেনেছি রতন কাহারের নাম। আমি জানি উনি এক জন মহান শিল্পী। শুনেছি ওঁর অর্থনৈতিক অবস্থাও ভাল নয়। আমি ওঁকে সম্মান দিয়ে সাহায্য করতে চাই।’’
লাইভ এ বাদশা বলেছিলেন যে লকডাউন কেটে গেলেই যত তাড়াতাড়ি সম্ভব রতন কাহারের সঙ্গে দেখাও করবেন। কিন্তু লকডাউন কাটার আগেই পৌঁছে দিলেন প্রাপ্য টাকা। প্রথমে বাদশার উপর ক্ষুব্ধ হলেও তাঁর বর্তমান আচরণে খুশি নেটাগরিকরা।

No comments