মহারাষ্ট্রে প্রবল বৃষ্টির ফলে রাজ্যের অধিকাংশ এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একাধিক জায়গা থেকে আসতে শুরু করেছে মৃত্যুসংবাদ। এখনও পর্যন্ত রাজ্যে প্রায় ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে পুণেতে ৪ জন, সাতারায় ৯ জন, কোলাপুরে ২ জন ও সাংগিলে ২ জনের মৃত্যুর হয়েছে বলে খবর। প্রায় ১ লক্ষ ৪০ হাজার মানুষ ঘরছাড়া। সোলাপুর, সাংগিল, কোলাপুর ও পুণে থেকে তাঁদের স্থানান্তরিত করা হয়েছে বলে ডিভিশনাল কমিশনার দীপক মহাশেখর জানিয়েছেন।
বৃষ্টির জন্য কোলাপুর জেলায় সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। পুণে জেলার তিনটি তহসিল ও সাংগিল জেলার চারটি তহসিলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ভারী বর্ষণেরও সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সাংগিল জেলায় এবছর রেকর্ড বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরিমাণ প্রায় ২১৩ শতাংশ। সাতারা ও পুণেতে বৃষ্টি হয়েছে প্রায় ১৭৩ শতাংশ। এছাড়া কোলাপুরে ১১৬ শতাংশ ও সোলাপুরে ৭৮ শতাংশ বৃষ্টিপাত হয়েছে।
ভি/ডি
No comments