এবার লাউদোহা ব্লক এলাকায় উজালা গ্যাস সরবরাহ প্রকল্পে দুর্নীতির অভিযোগ সামনে এল। স্থানীয় নব ঘনপুর গ্রামের রুইদাস পাড়া ও বাউরি পাড়ায় প্রায় পঞ্চাশটি পরিবার এই প্রকল্পে গ্যাস নিয়ে মহা সমস্যায় পড়েছেন। গ্যাস সংযোগ নেওয়ার সময় তাদের কাছে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে বলেও তাঁরা অভিযোগ করেন।
এই প্রতারণার সাথে জড়িত কুলবনি গ্রামের খোকন রুইদাস ও জয়ন্ত রুইদাসের নামে শনিবার প্রতারিতরা লাউদোহা থানায় অভিযোগ দায়ের করেন। জ্যোত্স্না রুইদাস, স্বপ্না রুইদাসরা জানান, প্রায় একবছর আগে উজালা গ্যাস প্রকল্পে তাঁরা গ্যাসের সংযোগ নেন।
সে সময় খোকন রুইদাস, জয়ন্ত রুইদাস প্রতিটি পরিবারের কাছ থেকে কারও কাছে ১৬৫০. কারও কাছে হাজার টাকা, আবার কারও কাছে পাঁচশো পঞ্চাশ টাকা নেয়। বিনিময়ে তাঁদেরকে একটা করে ওভেন ও একটা গ্যাস সিলিন্ডার দেওয়া হয়।
প্রতারিতরা জানান, এর পর তাঁরা গ্যাস বুক করতে গিয়ে দেখেন গ্যাস বুক হচ্ছে না. সাবসিডির টাকাও ঢুকছে না ব্যাঙ্ক অ্যাকাউন্টে। পরে গ্যাস সংস্থার সঙ্গে যোগাযোগ করলে তাঁরা জানতে পারেন গ্যাসের ব্লু বুকগুলি জাল। শনিবার তাঁরা গণস্বাক্ষর করে খোকন রুইদাস ও জয়ন্ত রুইদাসের নামে লাউদোহা থানায় প্রতারণার অভিযোগ পত্র জমা দেন।
ভি/ব
No comments