এ রাজ্যে সমান্তরাল সরকার চালানোর অভিযোগ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। নির্বাচনের পর ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার হুমকি দিলেন মমতা।
লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এ রাজ্যে নরেন্দ্র মোদী সমান্তরাল সরকার চালাচ্ছেন বলে অভিযোগ তুললেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারকে স্বাধীনভাবে কোন কাজই করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় বাহিনীকে বিজেপি ভোটের কাজে ব্যবহার করছে। কেন্দ্রীয় বাহিনী বুথে বুথে ভোটারদের প্রভাবিত করছে বলে ও অভিযোগ করেন মমতা। রবিবার দক্ষিণ ২৪ পরগণা জেলার বাসন্তী থানার সোনাখালি মাঠে জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে এক নির্বাচনী জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে এই ভাবে একের পর এক নরেন্দ্র মোদী ও বিজেপিকে আক্রমণ করেন তিনি। এদিন বাসন্তীর পাশাপাশি ক্যানিংয়ে ও প্রতিমা মণ্ডলের সমর্থনে জনসভা করেন মমতা।
রবিবার বেলা একটা নাগাদ বাসন্তীর সোনাখালিতে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে উঠেই তিনি এদিন বক্তব্য রাখতে শুরু করেন। বক্তব্যের প্রথম দিকে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন মুখী প্রকল্পের কথা তুলে ধরেন মমতা। এরপর ধীরে ধীরে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিজেপি সরকার ও সেই সরকারের অন্যতম কাণ্ডারি নরেন্দ্র মোদী সম্পর্কে সুর চড়ান মমতা। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এ রাজ্যে নরেন্দ্র মোদী সমান্তরাল রাজ্য সরকার চালাচ্ছেন বলে অভিযোগ করেন মমতা। তাকে সরকার চালাতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ তোলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও দাবী করেন, “ নরেন্দ্র মোদী এবার হারছে। যে যে রাজ্যে এখনো পর্যন্ত ভোট হয়েছে সেখানে বিজেপি হারবে। ভোটের পর ইঞ্চিতে ইঞ্ছিতে সমস্ত হিসেব বুঝে নেব। আমাদের ভদ্রতাকে কেউ যেন দুর্বলতা বলে মনে না করেন”।
এর পাশাপাশি এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ করেন, “কেন্দ্রীয় বাহিনী বুথে বুথে ভোটারদের প্রভাবিত করছে। বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলছে কেন্দ্রীয় বাহিনী। আমার তো মনে হয় কিছু আর এস এস এর লোকজনকে পোশাক পরিয়ে কেন্দ্রীয় বাহিনীতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর এই কেন্দ্রীয় বাহিনী পরিচালনা করছে কিছু অবসর প্রাপ্ত মানুষজন। এ রাজ্যে কেন্দ্রীয় বাহিনীকে পরিচালনা করছেন মালদার এক বিজেপি প্রার্থীর স্বামী”। তবে যারা বুথে বুথে গিয়ে বিজেপির প্রচার করছেন সেই সমস্ত কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশ্যে মমতা বলেন, “আজ না হয় মোদীর কোথা শুনে এমন করছেন, কিন্তু কাল মোদী হেরে গেলে, বিজেপি হেরে গেলে কোথায় যাবেন? তখন তো মাটিতে গড়াগড়ি খাবেন তারা। এদিনের সভায় মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ করেন বিজেপি, আর এস এসের লোকজন টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। এমনকি তারা দক্ষিণ ২৪ পরগণা জেলার বিভিন্ন লোকসভা কেন্দ্র গুলিতে ঢুকে ঢুকে ভোটারদের প্রভাবিত করছে। টাকা দিয়ে তাদের ভোট কিনতে চাইছে বলে ও অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিনের সবকটি সভাতেই কার্যত একইভাবে বিজেপি ও নরেন্দ্র মোদীকে আক্রমণের পাশাপাশি রাজ্যের জনগণের জন্য রাজ্য সরকারের উন্নয়নমুখী প্রকল্পগুলির কথা তুলে ধরেন তিনি। রাজ্যে তৃণমূল কংগ্রেস ৪২ এ ৪২ টি আসনই পাবেন বলে আরও একবার দাবী করেন মমতা।
এদিনের জনসভায় বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগণা তৃণমূল সভাপতি তথা রাজ্য সভার সাংসদ শুভাশীষ চক্রবর্তী,গোসাবার বিধায়ক জয়ন্ত নস্কর,বাসন্তীর বিধায়ক গোবিন্দ চন্দ্র নস্কর সহ অন্যান্যরা।
from বাংলা খবর http://bit.ly/2LDs8Ku

No comments