নিজস্ব প্রতিনিধি,১৩মেঃ- এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল শহরে। ঘটনায় মৃতের দাদার বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে। রবিবার বিকেলে শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ২ গ্রাম পঞ্চায়েতের দক্ষিন ভারতনগরের বিনয় মোড় মাছ বাজারের ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম যিশু কর। তাঁকে খুন করার অভিযোগ উঠেছে দাদা সুব্রত করের বিরুদ্ধে। মৃত যিশু শিলিগুড়ি জংশনের একটি হোটেলে নিরাপত্তাকর্মী ছিলেন। বিনয় মোড়ে দাদা সুব্রত ও তাঁর পরিবারের সঙ্গেই থাকতেন তিনি বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। যদিও ঘটনাটি খুন নাকি এর পিছনে অন্য কোন কারণ রয়েছে তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক রয়েছে সুব্রত কর। তার উদ্দেশ্যে খোঁজ শুরু করেছে পুলিশ। এলাকাবাসীদের অভিযোগ, কয়েক বছর ধরেই সুব্রত, তার স্ত্রী ও শ্বশুর, শাশুড়ি মিলে যিশুর উপর অত্যাচার করত। এমনকই বাড়িতে যিশুকে ঠিকমতো খাওয়াদাওয়া দেওয়া হতো না। এই বিষয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি গৌরব লাল বলেন, “একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েচে। খুন নাকি অন্য কোন বিষয় রয়েছে তা এখনই বলা সম্ভব না। সব খতিয়ে দেখা হচ্ছে।” স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল থেকে শারীরিক অসুস্থতা বোধ করছিলেন যিশু। দাদা সুব্রত প্রথমে যিশুকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে শারীরিক পরিস্থিতির অবনতি হলে কলেজপাড়ার একটি নার্সিংহোমে স্থানান্তরিত করে। নার্সিংহোম থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মেডিকেলে মেল মেডিসিন ওয়ার্ডে ভর্তি করার কিছুক্ষণ বাদেই মৃত্যু হয় যিশুর। এদিকে, যিশুর মৃত্যুর খবর চাউর হতেই এলাকাবাসীরা ক্ষোভে ফেটে পরে। ঘটনার পরই সুব্রত শ্বশুর ফটিক রাজবংশী ও শাশুড়ি জয়ন্তী রাজবংশীকে আটকে রাখে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আশিঘর ফাঁড়ির পুলিশ। তারা শ্বশুর ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়। ঘটনারব তদন্ত শুরু করেছে পুলিশ।
from বাংলা খবর http://bit.ly/2VeFhcl

No comments