জাঁকিয়ে বসেছে গরম। ঘামের সাথে শরীর থেকে বেরিয়ে যাচ্ছে লবণ। প্রায়ই ডিহাইড্রেশনের শিকার হতে হয় গ্রীষ্মে। এই গরমে তাই পানীয় খাবার পরিমাণ বাড়াতে হয়। রোজার পরে ইফতারে ঠাণ্ডা একগ্লাস সুস্বাদু পুষ্টিকর পানীয় আপনার সারাদিনের ক্লান্তি কাটাবে, সতেজ করে তুলবে।
তাই বাজারচলতি রাসায়নিক মেশানো শরবত বাদ দিয়ে আজ থেকে বাড়িতেই তৈরি করুন এ সব পানীয়:
তরমুজের শরবত: খেতে যেমন সুস্বাদু, তেমনই শরীরকে সতেজ রাখতেও তরমুজের জুড়ি মেলা ভার। ভিটামিন বি থাকার ফলে যথেষ্ট এনার্জিও পাওয়া যায় তরমুজের রস থেকে। তাই তরমুজের শাঁস মিক্সিতে বেটে তার সঙ্গে পানি আর মধু মেশান। ঠাণ্ডা ভাব আনতে এর সঙ্গে বরফ যোগ করতে পারেন।
দইয়ের ঘোল: হজম ঠিকঠাক রাখতে ঘোল খান। বাড়িতে পাতা টকদইয়ের ঘোল বানান। টক দই, চিনি, বিট লবণ, লেবুর রস, আর কয়েক টুকরো বরফ দিয়ে বাড়িতেই বানিয়ে নিন দইয়ের ঘোল। ক্লান্তি যেমন কাটাবে, তেমন হজমশক্তিও বাড়াবে এই পানীয়।
আমের শরবত: টক-মিষ্টি এই পানীয় ঘামের মাধ্যমে শরীর থেকে নিঃসৃত লবণের ক্ষতিপূরণ করে। খাবার হজম হতেও সাহায্য করে। কাঁচা আমের শাঁস ভাপিয়ে নিয়ে বেটে, তাতে পানি, অল্প চাট মশলা, জিরাবাটা, বিটলবণ ও বরফ যোগ করে বানিয়ে নিন এমন শরবত। দোকানের কেনা আমের নানা স্কোয়াশ বা শরবতের চেয়ে এতে আরাম পাবেন বেশি।
ছাতুর শরবত: এই পানীয় শরীরে যেমন শক্তি প্রদান করে, তেমনই পেট ঠাণ্ডা রাখে ও পেট ভরায়। ছাতুর সাথে লবণ, মধু, লেবু, বিটলবণ মিশিয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারেন ছাতুর শরবত। অনেকে এর সঙ্গে পিঁয়াজকুচি মিশিয়েও খান।
ডাবের শরবত: সাধারণ ডাবের পানি পেট ঠাণ্ডা রাখতে সাহায্য করে। এছাড়াও ডাবের নরম শাঁস মিক্সিতে বেটে, তাতে বিটলবণ, পানি, বরফ ও কিছুটা দুধ মিশিয়ে বানিয়ে ফেলুন ডাবের শরবত। ক্লান্তি সরিয়ে শরীরকে ঠাণ্ডা করতে অত্যন্ত উপযোগী এই শরবত।
কালোজামের শরবত: গরম মানেই আম-জাম-লিচুর মেলা। কালো জামের আঁটি ফেলে দিয়ে তাকে মিক্সিতে দিয়ে ভাল করে পেস্ট বানিয়ে নিন। এ বার ঠাণ্ডা পানিতে সেই শাঁস যোগ করে, তাতে কিছুটা মধু, লেবু ও বিটলবণ মিশিয়ে টক-মিষ্টি শরবত বানিয়ে নিন। গরমে ঠাণ্ডা তো হবেনই, এছাড়া রক্তের সংক্রমণ রুখতেও সাহায্য করে কালোজাম।
লেবুর শরবত: প্রায় সব বাড়িতেই গরমে এই একটি শরবত থাকেই। গরমে অতিরিক্ত গ্লুকোজ বেরিয়ে যাওয়ার কারণে ডায়রিয়ার আশঙ্কা দেখা দেয়। তাই শরীরকে সহজলভ্য উপায়ে হাইড্রেট করে তুলতে লেবুর শরবত অত্যন্ত উপযোগী।
from Daily Bangla http://bit.ly/2Q8lU3R

No comments