
নিজস্ব প্রতিনিধি, বাসন্তী,২৪এপ্রিলঃ-সাত মাস আগে দুর্গাপূজার নবমীর দিন রাতে মেলা থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল বছর তেরোর এক নাবালিকা। গত সাত মাস ধরে বিভিন্ন জায়গায় খুঁজে ও মেয়েকে পাননি পরিবারের লোকেরা। দক্ষিণ ২৪ পরগণা জেলার বাসন্তী থানার অন্তর্গত পূর্ব বয়ারসিং গ্রাম থেকে নিখোঁজ হয়েছিল ষষ্ঠ শ্রেণীর ঐ কিশোরী। ঘটনার পর থেকে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছেন, কিন্তু কোন খোঁজ মেলেনি মেয়ের। ঘটনার তদন্তে নেমে সপ্তাহ খানেক আগে গ্রাম থেকে সনাতন সরদার নামে এক যুবককে গ্রেফতার করে বাসন্তী থানার পুলিশ। এই সনাতনকেই ঘটনার দিন শেষ ঐ নাবালিকার সাথে দেখা গিয়েছিল বলে স্থানীয় সূত্রে পুলিশ জানতে পারে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে রহস্যের উদ্ঘাটন হয়। পুলিশি জেরায় সনাতন জানায় ধর্ষণ করে সে ঐ নাবালিকাকে খুন করেছে। খুনের পর দেহ লোপাটের জন্য মাটিতে পুঁতে দিয়েছে সে। মঙ্গলবার ধৃতকে আলিপুর আদালতে তুলে ঘটনার তদন্তের জন্য নিজেদের হেফাজতে নেয় পুলিশ। বুধবার সকালে অভিযুক্তের কথা মত গ্রামের একটি জায়গায় মাটি খুঁড়ে ঐ কিশোরীর পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া ঐ দেহ ময়না তদন্তের জন্য পাঠাবে পুলিশ।
from Breaking Kolkata http://bit.ly/2DtPZWw
No comments