
রাজনৈতিক সংঘর্ষে আবারও উত্তপ্ত বীরভূম। বিজেপি এবং তৃণমূলের সংঘর্ষ ও একে অপরের বিরুদ্ধে অভিযোগ বীরভূমের রাজনৈতিক পরিস্থিতিকে উত্তপ্ত করছে। এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য। রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হওয়ার মূলে রয়েছে দলীয় প্রার্থীদের সমর্থনে দেওয়াল লিখন এবং পতাকা টাঙানোকে কেন্দ্র করে। গতকাল বিজেপির দলীয় পতাকা টাঙ্গানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে লোকপুর, ঠিক আজ সকালেই আবার উত্তপ্ত হয় দুবরাজপুর ব্লকের পদুমা পঞ্চায়েতের বসহরি গ্রাম বিজেপির দেওয়াল লিখনকে কেন্দ্র করে। বিজেপির তরফ থেকে অভিযোগ, দুবরাজপুরের পদুমা গ্রাম পঞ্চায়েতে বসহরি গ্রামে বিজেপির দেওয়াল লিখনের সময় বাধা দেয় তৃণমূল কর্মীরা। তারপর অতর্কিতে ৩০ টি মত বাইকে ৫০ জনের মত তৃণমূলের গুণ্ডাবাহিনী এসে হামলা চালায়। বিজেপির তরফ থেকে এও অভিযোগ করা হয় যে, বিজেপি কর্মীদের লক্ষ্য করে গুলি চালায় শাসকদলের গুন্ডাবাহিনী। ঘটনায় ১৪ জন আহত হয়েছেন, তাদের মধ্যে ৭ জন গুরুতর আহত বলে জানানো হয়েছে বিজেপির তরফ থেকে। গুরুতর আহতদের সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয় এবং অল্প বিস্তর আহতদের প্রাথমিক চিকিৎসার পর স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র থেকে ছেড়ে দেওয়া হয়। বিজেপি আরও অভিযোগ করে, শাসকদলের ওই গুন্ডাবাহিনী এলাকা জুড়ে ব্যাপক লুটপাট, ভাঙচুর চালায়। গ্রামের লোকরা আতঙ্কের মধ্যে রয়েছেন। হামলার পরিপ্রেক্ষিতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ব্লক সভাপতি ভোলানাথ মিত্র ঘটনার কথা অস্বীকার করে বলেন, “একটা ঝামেলা হয়েছে শুনেছি। তবে আমাদের ছেলেরা করেনি। কে বা কারা ঝামেলা করেছে সে বলতে পারবো না। আমাদের ছেলেরা ঝামেলা করলে আমরা জানতে পারতাম।” দেওয়াল লিখনকে কেন্দ্র করে দুবরাজপুরের পদুমা গ্রাম পঞ্চায়েতের বসহরি গ্রাম উত্তপ্ত হওয়ার সাথে সাথেই দুবরাজপুর থানার ওসির নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। গ্রামে পুলিশি পিকেট বসানো হয়েছে। অন্যদিকে, গতকাল রাত্রে বিজেপি দলীয় পতাকা টাঙানোকে কেন্দ্র করে উত্তাপ ছড়ায় বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুর গ্রামে। বিজেপি কর্মীদের অভিযোগ, তাদের দলীয় পতাকা লাগানোর সময় তৃণমূলের কর্মীরা বাধা দেয় এবং তাদের উপর চড়াও হয়ে হামলা চালায়। বাধে দুই পক্ষের হাতাহাতি। ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয় বলে জানায় তারা। অন্যদিকে তৃণমূলের পাল্টা অভিযোগ, অনুমতি ছাড়া জোড় জবরদস্তি তৃণমূল কর্মীদের বাড়িতে বিজেপির পতাকা টাঙাতে গেলে বাধা দেয় তৃণমূল কর্মীরা। আমাদের দুজন কর্মী পতাকা টাঙাতে বারণ করায় মারধর করে বিজেপির লোকেরা। আহত ওই দুই কর্মীকে আমাদের অন্যান্য কর্মীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তারপর ওই বিজেপি কর্মীরা রাতের অন্ধকারে লুকিয়ে পড়ে। গতকাল লোকপুর গ্রামে দুই পক্ষের হাতাহাতিতে আহত হয় দুই রাজনৈতিক দলের বেশ কয়েকজন সমর্থক ও কর্মী।
No comments